তিন প্রকার হজের বিবরণ

হজ তিন প্রকার : তামাত্তু, ইফরাদ, কিরান। এর মধ্যে সওয়াবের দিক দিয়ে সর্বাধিক উত্তম হলো কিরান, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। তবে আদায় সহজ হওয়ার দিক থেকে সর্বপ্রথম তামাত্তু, এরপর ইফরাদ, এরপর কিরান।

যেহেতু তামাত্তু হজ পালন করা সবচেয়ে সহজ, তাই অধিকাংশ বাংলাদেশি তামাত্তু হজ আদায় করেন। আর যারা অন্যের বদলি হজ করতে যান বা যাদের অবস্থান মিকাতের মধ্যে তারা সাধারণত ইফরাদ হজ করেন। এ ছাড়া কিছুসংখ্যক হাজী কিরান হজ করেন, যার সংখ্যা খুবই নগণ্য।
হজে কিরান : মিকাত থেকে একসঙ্গে ওমরাহ ও হজের নিয়তে ইহরাম বাঁধাকে কিরান হজ বলা হয়। কিরান হাজীদের মক্কায় পৌঁছে প্রথমে ওমরাহ করতে হবে। অতঃপর ইহরাম অবস্থায় হজের জন্য অপেক্ষা করতে থাকবে এবং ১০ জিলহজ দমে শুকরিয়া তথা কোরবানি না করা পর্যন্ত ইহরাম অবস্থায়ই থাকতে হবে। কিরান হজের ক্ষেত্রে তাওয়াফে কুদুম করা সুন্নত। তাই ওমরাহ ও হজের মধ্যবর্তী যে কোনো সময় তাওয়াফে কুদুম করবে; সম্ভব হলে সায়িও করে নেবে। মনে রাখতে হবে, যদি কোনো কিরান হাজী তাওয়াফের সঙ্গে সায়ি করে, তবে তাকে ১০ জিলহজ ফরজ তাওয়াফের পর আর সায়ি করতে হবে না। কেননা ওমরাহ ও হজের বিধানে একবার করে সায়ি করা ওয়াজিব। এ ছাড়া ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের আহকামসমূহ সব হাজীর জন্য এক ও অভিন্ন।

হজে ইফরাদ : মিকাত থেকে শুধু হজের নিয়তে ইহরাম বাঁধাকে ইফরাদ হজ বলে। ইফরাদ হাজীরা পবিত্র মক্কায় পৌঁছে ইহরাম অবস্থায় হজের জন্য অপেক্ষা করতে থাকবে। অতঃপর মূল হজ শুরু হওয়ার আগে যে কোনো একদিন সুন্নত তাওয়াফ তাওয়াফে কুদুম করবে, সম্ভব হলে সায়িও করে নেবে। কিরান হজের মতো এ ক্ষেত্রেও তাওয়াফে কুদুমের সঙ্গে সায়ি করে নিলে ১০ জিলহজ ফরজ তাওয়াফের পর আর সায়ি করতে হবে না। আর ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের বাকি আহকাম সবার জন্য এক ও অভিন্ন। শুধু পার্থক্য হলো ১০ জিলহজ কঙ্কর নিক্ষেপের পর কিরান ও তামাত্তু হাজীদের হজের ওয়াজিব অঙ্গ দমে শুকরিয়া তথা কোরবানি করতে হবে, কিন্তু ইফরাদ হাজীদের কোরবানি করতে হবে না।

হজে তামাত্তু : মিকাত থেকে শুধু ওমরাহর নিয়তে ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে ওমরাহ করার পর ইহরাম খুলে স্বাভাবিক অবস্থায় হজের জন্য অপেক্ষা করা এবং ৮ জিলহজ ইহরাম বেঁধে হজ সম্পন্ন করাকে তামাত্তু হজ বলে। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত কিরান ও ইফরাদ হজের মতো তামাত্তু হজের সব বিধান এক ও অভিন্ন। তবে পার্থক্য হলো, তামাত্তু হজে কিরান, ইফরাদের মতো তাওয়াফে কুদুম নেই।

Loading

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।