তাফসির গ্রন্থ ‘তাফসিরে বায়যাবী’ এমনি এক বহুগুণ ও বৈশিষ্ট্যমণ্ডিত কিতাব। বিশেষ করে দুনিয়া জোড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ মুখপাত্র ও দলিল হিসেবে এটি স্বীকৃত। মূলত তাফসিরে বায়যাবী অপর বিখ্যাত তাফসির ‘কাশশাফের’ সার সংক্ষেপ। কাশশাফের যে সকল স্থানে মুতাজিলা ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, এ গ্রন্থে তা প্রত্যাখ্যান করতঃ প্রমাণাদিসহ তার জবাব দেয়া হয়েছে। তাফসিরে বায়যাবীতে বিপুল পরিমাণ হাদিসের উদ্ধৃতি প্রদান করা হয়েছে এবং প্রত্যেক সুরার শেষে সংশ্লিষ্ট সুরার ফযিলত বর্ণনা করা হয়েছে যা একজন মুসলমানের জন্য অত্যন্ত জ্ঞাতব্য বিষয়।
এ গ্রন্থে গুরুত্বপূর্ণ দর্শন ও সূক্ষ্ম বিষয়াদি অতি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এবং সংক্ষেপে বুঝাতে গিয়ে বেশ মুন্সিয়ানা প্রমাণ করা হয়েছে। বিখ্যাত গ্রন্থ ‘তাফসিরে বায়যাবী’ প্রণেতা ছিলেন ইরান দেশের সিরাজ নগরের বাসিন্দা। বায়দ্বা নামক পল্লীতে তার জন্ম। ইতিহাসে তার জন্ম সাল সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। তার মৃত্যু সালটি নিয়েও মতভেদ দেখা যায়। ৬৮২ মতান্তরে ৬৮৫ খ্রি./৬৯১ হিজরিতে তাবরীজ শহরে তিনি ইন্তেকাল করেন। তাঁর নাম, বংশ পরিচিতি হলো- আবদুল্লাহ বিন উমর বিন মুহাম্মাদ বিন আলী আল বায়যাবী আশ শাফেয়ী (রহ.)। উপাধি, নাসির উদ্দীন, ডাক নাম- আবুল খায়ের। এক অভিজাত পরিবারে আল্লামা বায়যারীর জন্ম।
- Teacher: Darul Uloom